আমাদের ভারত, বীরভূম, ৮ আগস্ট: মদ্যপ অবস্থায় ট্রেন চালানোর অভিযোগ তুলে ট্রেন দাঁড় করিয়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় দুই চালকে। পরে অন্য চালক দিয়ে চালানো হয় ট্রেন। অভিযুক্ত দুই চালককে পাঠানো হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল হাওড়া- জয়নগর প্যাসেঞ্জার ট্রেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটে বীরভূমের রামপুরহাটে।
আজ বিকেল ছ’টা নাগাদ রামপুরহাট রেল স্টেশন থেকে জয়নগরের উদ্দ্যেশ্যে রাওনা দেয় ডাউন হাওড়া- জয়নগর প্যাসেঞ্জার ট্রেন। চালক ছিলেন সঞ্জয় কুমার। তিনি সাহেবগঞ্জের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং সঙ্গে ছিলেন রাহুল কুমার। রামপুরহাট রেলগেটের পর সিগন্যাল পোষ্টও পেরিয়ে যায় ট্রেনটি। তার পরেই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। এর বেশ কিছুক্ষণ পর ট্রেনটিকে রামপুরহাটের দিকে পিছিয়ে নিয়ে আসা হয়। তাতে ট্রেনের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে রামপুরহাট রেল স্টেশনের আধিকারিকেরা ট্রেনের ইঞ্জিন রুমে আসেন। ইঞ্জিন থেকে দুই চালককে নামিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পরে অন্য চালক দিয়ে ট্রেনটিকে জয়নগরের উদ্দ্যেশ্যে চালানো হয়।
তবে কি কারণে এই ঘটনা সেটা স্পষ্ট করে জানা যায়নি। ট্রেন যাত্রীদের একাংশের দাবি, ওই দুই চালক মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছিলেন। তাতেই বিপত্তি ঘটে।

