প্রকাশ সিং বাদলের প্রয়াণে পশ্চিমবঙ্গেও দু’দিন রাষ্ট্রীয় শোক

আমাদের ভারত, ২৬ এপ্রিল: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের প্রয়াণে পশ্চিমবঙ্গেও দু’দিন রাষ্ট্রীয় শোক পালন করার কথা ঘোষণা করল নবান্ন।

এই ব্যাপারে বুধ ও বৃহস্পতি— এই দু‘দিন কেন্দ্রের
রাষ্ট্রীয় শোক পালনের বিজ্ঞপ্তি নবান্নর বার্তায় যুক্ত করে সেটি রাজ্যের প্রতি অতিরিক্ত মুখ্যসচিব, ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, রাজভবন, বিধানসভা, হাইকোর্ট, ডিএম, এসপি, সিপি প্রমুখের কাছেও পাঠিয়ে দেওয়া হয়। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, এই দু’দিন সর্বত্র পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রমোদমূলক অনুষ্ঠান থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

পঞ্জাবের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার প্রথমে টুইটারে ইংরেজিতে তাঁর সংক্ষিপ্ত শোকবার্তা লেখেন। পরে তথ্য ও জনসংযোগ দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর বার্তা পাঠায়। তাতে লেখা, “পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতকাল মোহালিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৯৫ বছর।

বর্ষীয়ান রাজনীতিবিদ শিখ-পঞ্জাবি সমাজের স্তম্ভ প্রকাশ সিং বাদল দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অদম্য সাহসী ও প্রকৃত জননেতা এই প্রবীণ রাজনীতিবিদ পঞ্জাবের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রেখে গেছেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি প্রকাশ সিং বাদলের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

প্রসঙ্গত, প্রকাশ সিং বাদলের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতেই টুইটারে শ্রদ্ধা জানান।
দু’দিন রাষ্ট্রীয় শোক পালন করার উল্লেখ করে কেন্দ্র। বুধবার বেলা সওয়া চারটায় প্রধানমন্ত্রী এই উপলক্ষে আয়োজিত এক শিবিরে প্রকাশ সিং বাদলের বাঁধানো ছবিতে মাল্যদানের তিনটি ছবি টুইট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *