কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই:
দু’দিনের টানা বৃষ্টিতে ঘাটালে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ঘাটাল পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যার জল ঢুকেছে, রাস্তাঘাট প্লাবিত হয়েছে। চন্দ্রকোনা দুই ব্লকের চার জায়গায় বাঁধ ভেঙ্গে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, বন্যা মোকাবিলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত। চন্দ্রকোনা দুই ব্লকে এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। বাঁধ রক্ষার জন্য বিভিন্ন ব্লকে বালির বস্তা এবং মাটি যথেষ্ট মজুত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও খড়গপুর থেকে পানীয় জল আনা হয়েছে প্লাবিত এলাকার মানুষদের জন্য। বন্যা পরিস্থিতি নজর রাখার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে মহকুমা শাসক জানান।

এদিকে ঘাটাল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বৃষ্টির জমা জলে এলাকা প্লাবিত হয়েছে। অনেকের বাড়িতে জল ঢুকেছে। মূলত নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, পৌরসভার ডি ওয়াটারিং মেশিন কাজ করছে এবং কিছু মানুষকে স্থানীয় বালিকা বিদ্যালয়ে ক্যাম্প করে রাখার ব্যবস্থা করা হয়েছে।

