পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: মেদিনীপুরের রাঙামাটিতে শুরু হলো দু’দিনের জঙ্গলমহল উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মেদিনীপুর শহরের রাঙামাটি ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের মাঠে মঙ্গলবার বিকেলে শুরু হলো একাদশ জঙ্গলমহল উৎসব। সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, এডিএম সন্দীপ টুডু, বিধায়ক পরেশ মুর্মু, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর ষড়ঙ্গী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, শ্যামাপদ পাত্র, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি উর্মিলা সাউ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
পরে উপস্থিত হন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি উৎসবের সাফল্য কামনা করেন।উদ্বোধনী দিনে লোক প্রসার প্রকল্পের শিল্পীরা এবং আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে। রয়েছে হস্তশিল্পের বেশ কিছু স্টল। প্রথম দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রথীন দাস ও পায়েল সামন্ত। অনুষ্ঠান চলবে বুধবার পর্যন্ত।

