বীরভূমের ময়ূরেশ্বরে কংগ্রেস প্রার্থীর দুই দেওরকে মারধর, অভিযুক্ত তৃণমূল

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২১ জুন: ব্লক অফিস থেকে নমুনা ব্যালট নিয়ে ফেরার পথে গ্রামেই আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থীর দেওর এবং কয়েকজন কর্মী। তাদের সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দুনা গ্রামে।

ওই গ্রামে কংগ্রেস প্রার্থী হয়েছেন আলিফ বিবি। তারা এক সময় তৃণমূল করতেন। কিন্তু এবার টিকিট না পেয়ে দিন কয়েক আগে কংগ্রেসে যোগদান করেন। অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছিল তৃণমূল। এনিয়ে বুধবার বিকেলে ময়ূরেশ্বর থানায় মৌখিকভাবে জানান প্রার্থীর স্বামী বাবর আলি শেখ। এরপর বুধবার গ্রামের মানুষ এবং দুই দেওর গোলজার শেখ ও বেলজার শেখ ব্লক অফিস থেকে নমুনা ব্যালট নিয়ে গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে তাদের আটকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি সামসুল আলম মল্লিকের নেতৃত্বে মারধর করা হয়েছে। জখম পাঁচজনকে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

বাবর আলি শেখ বলেন, “অঞ্চল সভাপতি সামসুল আলমরা চাইছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে। প্রতিবছর এমনটা করে তৃণমূল। এরপর পঞ্চায়েতের টাকা লুটেপুটে খায়। তারই বিরুদ্ধে আমার স্ত্রীকে গ্রামবাসীরা প্রার্থী করেছে। মনোনয়ন জমা দেওয়ার পর থেকে প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছিল তৃণমূল। ওদের হুমকিতে মাথা নত করিনি। তাই মারধর করা হল”।

সামসুল আলম বলেন, “অভিযোগ ঠিক নয়। রাস্তায় একজন ছেলের সঙ্গে বচসা থেকে মারামারি হয়। এর সঙ্গে তৃণমূল যুক্ত নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *