পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩ জুলাই: ভোট প্রচারে গিয়ে আক্রান্ত সিপিআইএমের দুই প্রার্থী সহ একাধিক কর্মী। বুথ এলাকায় সভা চলাকালীন হামলা চালানো হয়। চেয়ার টেবিল সাইকেলও লুঠ করে নিয়ে যায় তৃণমূল, বলে অভিযোগ। রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই অঞ্চলের সালিআরা বুথ এলাকায়। আহতদের সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি: লাঠি হাতে হামলাকারীরা।
জানাগেছে, রবিবার সন্ধ্যায় সিপিএমের পঞ্চায়েতের মহিলা প্রার্থী কল্যাণী মাকড় ধল ও জবা মহিশাল ঘোড়াই, যুগল কিশোর মাইতি দলের কর্মীদের নিয়ে ভোট প্রচারে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা মানস মিশ্র ও গৌর বেরার নেতৃত্বে লাঠিসোটা নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএম কর্মী ও প্রার্থীদের উপর হামলা চালায়। এই ঘটনায় আহত হন পঞ্চায়েত সমিতির প্রার্থী যুগল কিশোর মাইতি ও পঞ্চায়েত প্রার্থী কল্যাণী মাকড় ধল। কয়েকজন কর্মীও আহত হন। আহতদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ সহ নির্বাচন কমিশন ও জেলা প্রসাশনে অভিযোগ করা হয়েছ বলে জানান সিপিআইএম নেতা চন্দন গুচ্ছাইৎ।

