আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ: একই দিনে দুজন কাউন্সিলর খুনের পর সোমবার টুইট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গতকাল ভরসন্ধ্যাবেলা উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতিরা। একই দিনে পুরুলিয়ার ঝালদা পুরসভার নব নির্বাচিত ২ ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর মাথায়, হাতে এবং পেটে গুলি লাগে।
এই দুটি ঘটনার ছবি-সহ সুকান্ত মজুমদার লিখেছেন, “পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতার শেষ নেই। আজ, পশ্চিমবঙ্গে প্রকাশ্য দিবালোকে ২ জন কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা নিরাপদ না থাকলে সাধারণ নাগরিকদের ভাগ্যের কথা ভাবুন?”
বিজেপির অভিযোগ, তৃণমূলের অপশাসনে জনপ্রতিনিধিদেরও সুরক্ষা নেই। রাজ্যে একই দিনে দুজন কাউন্সিলর খুন। তারই প্রতিবাদে সোমবার বিধানসভায় প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। অধিবেশন থেকে কক্ষত্যাগ করে বাইরেও তাঁরা বিক্ষোভ দেখান।

