মালদায় এটিএম কার্ড জালিয়াতি করে এক মহিলার টাকা হাতানোর ঘটনায় দুই অভিযুক্তের চার বছরের কারাদণ্ড

আমাদের ভারত, মালদা, ১৭ নভেম্বর: এটিএম কার্ড জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। বুধবার মালদা জেলা আদালতে দুইজনের চার বছরের জেল ও কুড়ি হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। অনাদায়ে আরও ছয় মাসের জেল।

আদালত সূত্রে জানা গিয়েছে, এই দু’জন হল দিলবার হোসেন ও মেহবুব আলম। তাদের বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দুর্গা গ্রামে। ২০১৯ সালের ১০ অক্টোবর মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী বাসস্ট্যান্ড থেকে করুণা বালা অধিকারী নামে এক মহিলার এটিএম কার্ড হাতিয়ে নেয় দিলবার ও মেহেবুব। সেই এটিএম কার্ড দিয়ে দু’জনে মালদা শহরের একটি দোকান থেকে সোনার অলংকার কেনে। এটিএম কার্ড জালিয়াতির বিষয়টি জানতে পেরে করুণা বালা অধিকারী ১৬ অক্টোবর মালদা সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে। প্রায় দুই বছর মালদা জেলা আদালতে তাদের বিচার প্রক্রিয়া চলে। ১৪ জন সাক্ষী প্রমাণ ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দু’জনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত। বুধবার তাদের সাজা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *