অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ আগস্ট: গোপীবল্লভপুরে একই দিনে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। একজন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হাটআম্বী গ্রামে বাবার সাথে মাছ ধরতে গিয়ে খালের জলে ডুবে মারা যায়। অপরজন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কপতিশোল গ্রামে খেলতে গিয়ে পুকুরের জলে পড়ে গিয়ে মারা যায়।
বাবার সাথে মাছ ধরাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ৩ বছরের শিশুর। শুক্রবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের হাটআম্বি গ্রামে। মৃত শিশুর নাম কৃষ্ণ দোলাই। স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, বেলিয়াবেড়া থানার হাটআম্বি গ্রামের বাসিন্দা অশ্বিনী দোলাই বাড়ির পাশে একটি খালে মাছ ধরতে গিয়েছিলেন। তার সঙ্গে তার তিন বছরের শিশু পুত্র ছিল।কিন্তু বাবার অজান্তে কখন শিশুটি ডাঙ্গার উপর থেকে জলে পড়ে যায় গেছে তা বুঝতে পারেননি। হঠাৎই ছেলেকে জলে ভেসে উঠতে দেখে চিৎকার করে তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তপসিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

অপরদিকে বাড়িতে খেলার সময় বাড়ির থেকে ৪০ ফুট দূরে থাকা গ্রামের পুকুরের জলে ডুবে মৃত্যু হয় এক ৪ বছরের শিশুর। ঘটনাটি গোপীবল্লভপুর ১ নং ব্লকের কপতিশোল গ্রামে। মৃত শিশুটির নাম রহিত কপাট।শুক্রবার প্রতিদিনের মতো বাড়ি পাশে খেলা করছিল রহিত সেই সময় হটাৎ সে পুকুরের দিকে গিয়ে পড়ে যায়। বাড়ি লোকজন রোহিতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তাকে পুকুরে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকার খবর ছড়াতেই শোকের ছায়া নেমে এসেছে।

