পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ভাইয়ের

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৬ মে: ইলেকট্রিক পাম্পের সাহায্যে পুকুরের জল সেচ করে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার পশ্চিম জটা এলাকায়। ঘটনায় মৃতদের নাম চিত্তরঞ্জন ভুঁইঞা (৪৫) ও মনরোঞ্জন ভুঁইঞা( ৪২)। দুজনকেই উদ্ধার করে রায়দিঘি ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, রবিবার দুপুরে রায়দিঘির পশ্চিম জটা এলাকার বাসিন্দা মনোরঞ্জন ভুঁইঞা পুকুরে ইলেকট্রিকের পাম্প দিয়ে জলসেচ করছিলেন মাছ ধরবেন বলে। সেই সময় বিদুৎস্পৃষ্ট হন তিনি। সাথে সাথেই সংজ্ঞা হারান তিনি। পরে পুকুরের কাছে এসে দাদা চিত্তরঞ্জন ভুঁইঞা দেখেন অচৈতন্য অবস্থায় পুকুরে তার ভাইয়ের দেহ ভাসছে। এরপরেই ভাইকে উদ্ধার করতে গেলে দাদাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। অন্যদিকে ঘটনার পরে পুকুর পাড়ে পরিবারের লোকজন এসে দুই ভাইকে পুকুরের মধ্যে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে রায়দিঘি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *