দুটি পৃথক জায়গা থেকে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইসলামপুরে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ অক্টোবর: নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিশিন্দা এলাকার বালাকর নদীতে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে নিশিন্দরা ব্রিজের উপর থেকে কিছু মানুষ কচুরিপানার মধ্যে আটকে থাকা কাপড় বাঁধা অবস্থায় কিছু দেখতে পায়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। বিষয়টি এলাকার মানুষ দেখতে পেয়ে সন্দেহ হলে খবর দেওয়া হয় চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কানকি ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ওই কাপড় বাঁধা জিনিসটি উপরে তুলতে গেলে এক মহিলার মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় পুলিশ। মৃতদেহ উপরে তুলতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান কে বা কারা ওই মহিলাকে খুন করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, ধানের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর বাইপাস সংলগ্ন টালিঘর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ঐ ব্যক্তির নাম কিবলা শেঠ।
সে বিহার রাজ্যের উদ্গরা এলাকার বাসিন্দা। এলাকার বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসিয়ে কমিশন নেওয়ার কাজ করত সে। শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে সে আর ফেরেনি। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। যদিও কি কারণে এই খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *