পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: বোর্ড গঠনের আগে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য যোগদান করলেন তৃণমূলে। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য অভিজিৎ দাস ও ঝর্ণা সিট শুক্রবার রাতে তৃণমূলের মেদিনীপুর জেলা অফিসে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর কেশিয়াড়িতে বোর্ড গঠন হবে। তার আগে বিজেপির দুই সদস্য তৃণমূলে আসায় আনন্দিত সুজয়বাবু। অন্যদিকে, তৃণমূলে যোগ দেওয়ার পর দুই পঞ্চায়েত সদস্য জানান, তাঁরা সম্পূর্ণ স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। এলাকার উন্নয়নে সামিল হতে ও মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই তাদের এই দলবদল বলে জানিয়েছেন তারা।

