পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৮ আগস্ট: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সাথে পাল্লা দিয়ে ঘর গোছাতে ব্যস্ত গেরুয়া শিবিরও। দল বিরোধী কাজে যুক্ত থাকায় দুই নেতৃত্বকে সাময়িক বহিষ্কার করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। শনিবার বালুরঘাটের জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন জেলা সভাপতি বিনয় বর্মন। এদিন রাজ্য নেতা সায়ন্তন বসুর সঙ্গে একটি জরুরি বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
জানাগেছে, বহিষ্কার হওয়া ওই দুই বিজেপি নেতার নাম গৌতম গোস্বামী এবং সনাতন কর্মকার। কুশমন্ডির বাসিন্দা গৌতম গোস্বামী হলেও সনাতন কর্মকার গঙ্গারামপুরের বাসিন্দা।
শনিবার বিকেলে বালুরঘাটের একটি বেসরকারি লজে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে দলীয় বৈঠক করেন রাজ্য নেতা সায়ন্তন বসু। যে বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। রবিবারও তিনি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, ২০১৬ সালে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ানো সনাতন কর্মকারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দল বিরোধী নানা কাজের অভিযোগ রয়েছে। একই সাথে কুশমন্ডির নেতা গৌতম গোস্বামীর শোকজের উত্তর আশাপ্রদ না হওয়ায় তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে দল থেকে।

