সাথী দাস, পুরুলিয়া, ৮ আগস্ট: তৃণমূল নেতার উপর হামলার অভিযোগে গ্রেফতার হলেন দুই বিজেপি কর্মী। ঝালদা থানার ইচাহাতু গ্রামের বিক্রম রজক ও ঈশ্বর মাহাত নামে ওই দুই বাসিন্দা গ্রেফতার হন। ঝালদা থানায় হামলার লিখিত অভিযোগ করেন হেঁসাহাতু পঞ্চায়েতের স্থানীয় সংসদ সদস্য তৃণমূলের উমেশ সাউ। আজ অভিযুক্তদের পুরুলিয়া আদালতে তোলা হয়।
উমেশ বাবু জানান, শনিবার বিকেলবেলা বাড়ি ফেরার সময় গ্রামে ঢোকার মুখে বিক্রম ও ঈশ্বর দুজনে মিলে অতর্কিতে হামলা করে। লম্বা লাঠি নিয়ে মাথায় আঘাতের চেষ্টা করে। অল্পের জন্য প্রাণে বাঁচি।

উমেশ বাবু বিজেপির দিকে আঙ্গুল তুলে ঘটনার সূত্রপাত হিসেবে বলেন, গত ২৬ জুলাই হেঁসাহাতু গ্রাম পঞ্চায়েতের ছিল সাধারন সভা। সেখানে ৭০-৮০ লক্ষ টাকার গরমিল ছিল। আমি তার হিসাব চেয়ে প্রতিবাদ করি। তখন থেকেই বিজেপির কু-নজরে ছিলাম। হয়তো সেই উদ্দেশ্যেই আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন ঝালদা ১নং ব্লক যুব সহ সভাপতি বিনয় মাহাতো।
এদিকে হেঁসাহাতু অঞ্চল এসটি মোর্চার সভাপতি ভগীরথ সরেন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এই বুথে তৃণমূলের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছিল। বিজেপির সমর্থক বাড়ছিল। এই গ্রামটিতে বিজেপির হয়ে মানুষের পাশে থাকতো বিক্রম ও ঈশ্বর তাই তাদের জব্দ করতে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।

