সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ অক্টোবর: ছিন্তাই ও ডাকাতি চক্রের দুই বাংলাদেশি পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিরাজুল শেখ ও মোহাম্মদ বালাইত গাজী। তারা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। বুধবার রাতে ভারত- বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখে একটি ছিন্তাইয়ের ঘটনা ঘটে বনগাঁ শহরে। সেই ঘটনার তদন্তে নেমে এই দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতরা, বাংলাদেশ থেকে পাসপোর্টে ভারতে এসে পেট্রাপোল থানা এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো। বারবার শোনা গিয়েছে ভারতীয় সীমান্ত এলাকায় ডাকাতি করে বাংলাদেশে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। নদিয়ার গণধর্ষণ কান্ডেও এমনই ঘটনা ঘটেছিল। তবে তারা চোরা পথেই পালিয়েছিল বলে পুলিশ জানিয়েছিল। এবারের ঘটনা তা নয়, রীতিমতো পার্সপোর্ট দেখিয়ে ভারতে ঢুকে ঘাঁটি গেড়েছিল ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল থানা এলাকায়। সেখানে ঘর ভাড়া নিয়ে ডাকাতি ও ছিন্তাইয়ের কাজ চালাচ্ছিল এই দুষ্কৃতীরা।
সূত্রের খবর, এই দুই দুষ্কৃতী চোরাপথে অন্যান্য বাংলাদেশি দুষ্কৃতীদের ভারতে এনে ডাকাতি ও ছিন্তাই করিয়ে ফের তাঁদের বাংলাদেশে পার করে দিত। এই ভাবেই তাঁদের কারবার চালাচ্ছিল। পুলিশ তদন্ত চালিয়ে বুধবার রাতে পেট্রাপোল সীমান্ত থেকে মিরাজুল শেখ ও মোহাম্মদ বালাইত গাজীকে গ্রেফতার করে। পুলিশি জেরায় তা স্বীকারও করেছে ধৃতরা। এই ঘটনার পিছনে আরও কোনো আন্তর্জাতিক চক্র জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

