রাজগঞ্জের ভান্ডারিগচ্ছ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ১৮/৩৪ নং বুথের দু’টি ব্যালট বাক্স লুট, লাঠি ও অস্ত্র নিয়ে হামলা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জুলাই: জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলের গদেয়াগচ্ছ এলাকার ভান্ডারিগচ্ছ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ১৮/৩৪ নং বুথের দু’টি ব্যালট বাক্স লুট করার অভিযোগ উঠল। একদল দুষ্কৃতী লাঠি ও অস্ত্র নিয়ে বুথে হামলা চালায় বলে অভিযোগ। রাজ্য পুলিশ থাকলেও দুষ্কৃতীদের আটকাতে পারেননি বলে দাবি ভোটারদের। অভিযোগের তীর নির্দল প্রার্থীর অনুগামীদের দিকে।

যদিও জানাযায়, ওই নির্দল প্রার্থী বিক্ষুব্ধ তৃণমূল। প্রার্থী পদ না পেয়ে জোড়া পাতা চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন। ব্যালট বাক্স লুটের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও নির্দল প্রার্থীর কর্মীদের মধ্যে বিবাদ শুরু হয়। এর জেরে তৃণমূল প্রার্থী সহ কয়েকজন জখম হয়েছেন। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। সন্ধে সাতটা পর্যন্ত ব্যালট বাক্সের খোঁজ পাওয়া যায়নি।

এদিকে বুথের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল ব্যালট পেপার, ভাঙ্গা হয় চেয়ার। বুথের বাইরে কংগ্রেস সমর্থিত এক ব্যক্তির চার চাকা ছোট গাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে। নির্দল প্রার্থী সহ তাঁর অনুগামীরা পলাতক। তৃণমূলের দাবি, নতুন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ভোট করানোর হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *