সাথী দাস, পুরুলিয়া, ১৫ সেপ্টেম্বর: এটিএম ভেঙ্গে টাকা লুটের ঘটনায় দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে ওই কাজে ব্যবহৃত গ্যাস কাটার সহ বিভিন্ন যন্ত্র।

১১ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা পুরুলিয়া শহরের মুন্সেফডাঙ্গায় অবস্থিত এসবিআই এটিএম মেশিন কেটে ৩৫ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। জেলা পুলিশ সুপার এস সিলভামুরগনের নেতৃত্বে ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে তথ্য নিয়ে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুরুলিয়া সদর থানায় এফআইআর দায়ের করার পরে অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ এবং সূত্রের তথ্য নিয়ে পুরুলিয়া সদর থানা থেকে একটি পুলিশের দল ১৪ তারিখে ঝাড়খণ্ডের রাঁচি জেলার হিন্দপিপি থানা এলাকার নিচ বাজার সাউথ স্ট্রিট থেকে অভিযান চালিয়ে বছর বত্রিশের উমর আলী ওরফে পাপ্পুকে গ্রেফতার করে৷ ৩১ বছর বয়সি নীরজ ভার্মা ওরফে গুড্ডু নামে অন্য এক যুবককে নিচু বাজারের চার্চ রোড এলাকা থেকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশের দলটি।ব্যাংকের দাবি মোট ৩৫ লক্ষ ১০ হাজার টাকা লুট হয়েছে। তার মধ্যে ১৪ লক্ষ উমর আলির কাছ থেকে এবং ১২ লক্ষ টাকা উদ্ধার হয় ধৃত নীরজের কাছ থেকে বলে জানান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তল।

অভিযুক্তদের আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের নিজেদের হেফাজতে রাখার জন্য আদালতে আবেদন করে পুরুলিয়া সদর থানার পুলিশ। অবশিষ্ট নগদ উদ্ধার এবং অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তদন্ত জারি রেখেছে পুলিশ। তদন্তে সিআইডি’র সাহায্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

