আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ আগস্ট: শ্রম দপ্তরের কর্মচারি পরিচয় দিয়ে এলাকা থেকে আর্থিক প্রতারণা করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার পুলিশ। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শ্রম দপ্তর থেকে অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা অ্যাকাউন্ট খোলার নিয়ম থাকলেও ওই দুই যুবক মাথাপিছু তিনশো থেকে চারশো টাকা নিয়ে অ্যাকাউন্ট খুলছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা ওই দুই যুবকের পরিচয় পত্র দেখতে চান। যদিও অভিযুক্ত দুই যুবক কোনও পরিচয় পত্র দেখাতে পারেননি। তখনই তাঁদের আটক করে কাশিপুর থানায় খবর দেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করেছে পুলিশ।
যদিও ধৃত যুবকদের বক্তব্য, ভাঙড় ২ ব্লকের শ্রম দপ্তরের কর্মচারি প্রবীর ঘোষের নির্দেশে তারা এই কাজ করছিলেন। এজন্য প্রবীর ঘোষ মাথা পিছু তিনশো করে টাকা দেবে বলেছিলেন। যদিও চাপে পড়ে গোটা ঘটনা অস্বীকার করেন প্রবীর ঘোষ। তিনি বলেন, “আমি কাউকে বাজার থেকে টাকা তুলতে বলিনি। কেউ যদি আমার নাম করে আর্থিক প্রতারণা করে তাহলে পুলিশ তা তদন্ত করে দেখুক।” পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের সঠিক নাম পরিচয়ও জানার চেষ্টা করছে।

