স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ সেপ্টেম্বর: যুবক খুনের ঘটনার পর থেকে প্রায় আড়াই বছর পর ভিটে মাটিতে ফিরে এল দুই পরিবার। তৃণমূল কাউন্সিলর ও পুলিশের উপস্থিতিতে পরিবারগুলিকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাঘা যতীন পাড়া এলাকার।
উল্লেখ্য, গত আড়াই বছর আগে ওই এলাকায় ভোট পরবর্তী হিংসায় খুন হয় এক যুবক। তারপর থেকেই উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা, নেয় রণক্ষেত্র চেহারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এরপর এলাকার বেশ কিছু দাপুটে তৃণমূল নেতার অত্যাচারে প্রায় ১৩ টি পরিবারকে ভিটেমাটি ছাড়া হতে হয়। পরবর্তী নির্বাচনের পরে এলাকার নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর ওই ভিটেমাটি ছাড়া পরিবার গুলিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়কের কাছে। তারপরেই তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বেশ কয়েকটি পরিবারকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন।

বাকি ছিল দুটি পরিবার। আজ শান্তিপুর থানার পুলিশ ও তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে ওই দুই পরিবারকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। তবে পুজোর আগে বাড়িতে ফিরে আসতে পেরে খুশি ভিটেমাটি ছাড়া পরিবারগুলি। তবে এখন যুবক খুনের ঘটনার আর কোনো প্রভাব নেই বলেই দাবি এলাকাবাসীদের।

