আমাদের ভারত, ১৮ নভেম্বর:লাদাখের একটি বড় এলাকাকে চিনের অংশ হিসেবে দেখিয়েছিল টুইটারে। এবার তার জন্য লিখিতভাবে ক্ষমা চাইল টুইটার। যৌথ সংসদীয় কমিটিতে তারা লিখিতভাবে ক্ষমা চেয়ে জানিয়েছে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তারা ভুল শুধরে নেবেন।
যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান মিনাক্ষি লেখী জানিয়েছেন, টুইটারের তরফে হলফনামা জমা দিয়ে ক্ষমা চাওয়া হয়েছে। টুইটার ভারতীয়দের আবেগে আঘাত করার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা ৩৯ নভেম্বরের মধ্যে ভুল শুধরে নেওয়া হবে বলেও জানিয়েছেন।”
লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সংঘাত চলার সময়ে অক্টোবরে এই বিতর্ক শুরুহয়। সেই সময় লাদাখের লেতে গিয়ে টুইটার একটি ছবিতে জিয়ো লোকেশন ট্যাগ করেন সংবাদমাধ্যমের এক কর্মী। জিয়ো লোকেশানে লে-কে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছিল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। টুইটারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে কেন্দ্র সরকার।
সংবিধান অনুযায়ী লাদাখ ভারতের জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ লে, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় টুইটারকে। স্পর্শ কাতর এই এলাকাকে কোন যুক্তিতে চিনের অংশ হিসেবে দেখানো হলো তার ব্যাখ্যা চাওয়া হয় টুইটারের কাছে।
সেই সময় টুইটারের ভারতীয় কর্তারা যৌথ সংসদীয় কমিটির সামনে হাজিরা দেন। কিন্তু তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হননি সাংসদরা। বরং লাদাখকে চিনের অংশ হিসেবে দেখানো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে তার জন্য সাত বছর পর্যন্ত কারাবাস হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয় তাদের।
আর তারপরই সুর নরম করে টুইটার। তারা জানান দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন তারা। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এই ব্যাপারে কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবেন তারা। এবার লিখিত ভাবেও ক্ষমা চেয়ে নিলেন তারা।

