আমাদের ভারত, ৮ মে:দেশ জুড়ে অক্সিজেনের যোগান ও বিতরণের বিষয়টি খতিয়ে দেখতে ১২ জন সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করে দিল দেশের শীর্ষ আদালত। এই টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস।
সারা দেশে যুক্তিগ্রাহ্যভাবে ও ন্যায়সঙ্গত ভাবে অক্সিজেনের যোগান ও সরবরাহ এবং জীবনদায়ী ওষুধ সরবরাহ খতিয়ে দেখবে এই টাস্কফোর্স। একইসঙ্গে করোনা চিকিৎসার জন্য যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তার জন্য টাস্কফোর্স পরামর্শও দেবে।
শুক্রবার শীর্ষ আদালত টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। এছাড়াও সব রাজ্যে অক্সিজেন বরাদ্দের ভিত্তিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকারকে।
ভবতোষ বিশ্বাস ছাড়াও এই টাস্ক ফোর্সে রয়েছেন গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর নরেশ ত্রিহান সহ দিল্লির গঙ্গারাম হাসপাতাল, ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ, বেঙ্গালুরু নারায়ণ হেলথকেয়ার, মুম্বাই ফর্টিস হাসপাতালের চিকিৎসকরাও।

