মুমূর্ষু বালক সেক আরমানকে রক্ত দিলেন পুরুলিয়ার যুবক তুষার

সাথী দাস, পুরুলিয়া, ৩ মে: নয় বছরের চিকিৎসাধীন মুমূর্ষু সেক আরমানকে রক্ত দিলেন পুরুলিয়ার যুবক তুষার অবস্তি। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছররা গ্রামের আরমান। তার শরীরে রক্ত কম রয়েছে বলে জানান চিকিৎসকরা। আরমানের বাবা পেশায় রাজমিস্ত্রি মহম্মদ ফেজ বিভিন্ন মাধ্যমে সমাজসেবী তুষার অবস্তির খোঁজ পান। ফোনে ছেলের সমস্যা ও তাঁর অসহায়তার কথা তুষারকে জানান আরমানের বাবা। উৎসবের দিনে ছেলের এই অবস্থায় কান্নায় ভেঙে পড়েন। আবেগ চাপা রাখতে পারেননি তিনি। আরমানের জন্য তিন বোতল রক্তের প্রয়োজন।

এদিকে পুরুলিয়া ব্লাড ব্যাঙ্কের রক্তের মজুত সম্পর্কে ওয়াকিবহাল তুষার। পরিস্থিতির কথা ভেবে তার গ্রুপের সঙ্গে মিলে যাওয়া আরমানের রক্ত। বিকেলেই দ্রুত রক্তদান দান করেন তুষার। তা দিয়েই শুরু প্রাথমিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। বাকি দুই ইউনিট রক্তও তুষার পরিচিতদের থেকে জোগাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এতেই চোখের জল ধরে রাখতে পারেননি আরমানের বাবা। খুশির ইদে আনন্দ উৎসবে সৌজন্যমূলক আলিঙ্গন নয়, তুষারকে জড়িয়ে ধরেন অশ্রুসিক্ত অসহায় বাবা।

তুষার বললেন, “নিজেকে এই রকম কাজে যুক্ত হতে পেরে পরিতৃপ্ত আমি। আরমানের দ্রুত সুস্থতা কামনা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *