স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ আগস্ট: করণদিঘির থানার অন্তর্গত টুঙ্গিদিঘি বলরামপুর রাস্তার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। টুঙ্গিদিঘি বাসস্টপ থেকেই কিছুটা দূরে রাস্তার মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বর্ষার জল জমে থাকে গর্তগুলিতে। অন্যদিকে রাস্তায় জল জমে থাকার কারণে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হত পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে টুঙ্গিদিঘির ব্যবসায়ী মহলকে। রাস্তাটি বিহার রাজ্যের সঙ্গে সংযুক্ত থাকার ফলে যান চলাচলের অনেকটাই অসুবিধা হত।

শুক্রবার ফিতে কেটে রাস্তার কাজের উদ্বোধন করে বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, ৩৬ লক্ষ টাকা ব্যয়ে টুঙ্গিদিঘি বাসস্টপ থেকে চিরসবুজ পাঠাগার পর্যন্ত রাস্তার সংস্কার করা হবে। এতে টুঙ্গিদিঘির এলাকাবাসীরা খুবই খুশি হয়েছে।
এছাড়াও এদিনের রাস্তা উদ্বোধনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান, করণদিঘির বিডিও নিতীশ তামাং, আইসি সৌমজিৎ রায় ও টুঙ্গিদিঘি ব্যবসায়ী সমিতির সদস্য সঞ্জয় করণ ও নীলকমল কুন্ডু সহ এলাকার অন্যান্য মানুষজন।

