মহার্ঘ্য টমেটো নিয়ে তুলকালাম পুরুলিয়ার সরকারি অনুষ্ঠানে

সাথী দাস, পুরুলিয়া, ২২ আগস্ট: মহার্ঘ্য টমেটো। এই সবজি নিয়ে চর্চা সবজায়গাতেই। অথচ, মরশুমে ফলন ভালো হওয়া সত্বেও খাদ্য প্রক্রিয়াকরণ না হওয়ায় সারা বছর কৃষকরাও যেমন লাভবান হন না তেমনই উপভোক্তার কাছেও মহার্ঘ্য হয়ে ওঠে। এর জন্য সরাসরি জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের অনুষ্ঠানে তাদেরকে দায়ী করে দুষলেন অতিথি হিসেবে উপস্থিত পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। তিনি সরাসরি জেলায় বেশি পরিমাণে ফলনশীল সবজি টমেটো, ভুট্টা, শসা, তরমুজ, কুমড়ো প্রভৃতি খাদ্য প্রক্রিয়াকরণ করার জন্য পরামর্শ দেন দফতরের আধিকারিকদের।

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগের উদ্যোগে জেলা উদ্যানপালন দপ্তরের ব্যবস্থাপনায় পুরুলিয়া জেলা পরিষদের কনফারেন্স হলে “উদ্যানপালন সপ্তাহের” উদ্বোধন অনুষ্ঠান হয়। সেখানেই এই কথা বলেন তিনি। এদিন অনুষ্ঠানে পুরুলিয়া জেলার প্রগতিশীল কৃষকদের বিনামূল্যে উন্নত মানের ফলের চারা ও উদ্যানপালন দপ্তরের বিভিন্ন প্রকল্প বিষয়ক তথ্য প্রদান করা হয়। সপ্তাহব্যাপী বিভিন্ন ব্লকে এই ধরনের অনুষ্ঠান হবে বলে জানান জেলা উদ্যানপালন আধিকারিক কৃষ্ণেন্দু নন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *