প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৬ মে: মঙ্গলবার বিকেলে নৈহাটি ও হালিশহরে হটাৎ হওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পরেছে নৈহাটি ও হালিশহরের জন জীবন। কয়েক মিনিটের ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সেই সময় গঙ্গা তীরবর্তী নৈহাটি ও হালিশহরের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের ফলে নৈহাটির হাজিনগর ও হালিশহরের প্রসাদ নগরের প্রায় ৫০টি বাড়ি ভেঙ্গে যায়। যার ফলে প্রায় ২০ জন মানুষ ক্ষতি গ্রস্ত হয়েছে।

ঝড়ের তান্ডবে ওই এলাকার বহু বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে যায়। ফলে নৈহাটি ও হালিশহরের বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের লোকজন। তবে বুধবার সকালেও ওই এলাকার অবস্থার উন্নতি হয়নি। মঙ্গলবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিপর্যয় সামাল দিতে দ্রুত গতিতে কাজ শুরু হলেও এখনো সম্ভব হয়নি। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মঙ্গলবার রাতেই স্থানীয় স্কুলগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পৌর প্রশাসনের তরফ থেকে তাদের ত্রিপল ও শুকনো খাবার দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দারা মঙ্গলবারের ক্ষণিকের ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের বক্তব্য, “কোনও রকম আগাম খবর ছিল না, যস আসার কথা ছিল বুধবার কিন্তু তার আগেই এই ঝড়ে সব প্রায় শেষ হয়ে গেছে, তা হলে যস এলে কী হত! আমাদের এখানে বহু বাড়ি ভেঙ্গে গেছে, টিনের চাল উড়ে গেছে।” প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে তারা কাজ শুরু করেছেন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

