টিউবওয়েল বিকল, পাইপ লাইন বসলেও জল নেই বড়জোড়ার গদারডিহি পঞ্চায়েতের গ্ৰামে, পানীয় জলের দাবিতে ডেপুটেশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ এপ্রিল: গরম পড়তেই পানীয় জলের হাহাকার বড়জোড়ার গ্ৰামে।টিউবওয়েল বিকল, পানীয় জলের পাইপ বসলেও জল আসেনি। ক্ষোভে ফেটে পড়ছে বড়জোড়া ব্লকের গদারডিহি পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের মাঝি ও মেটে নারাণপুরের বাসিন্দারা। আজ এই দুই এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন জমা দেয় বিডিওর কাছে।

গ্রীষ্মের আগে থেকেই তীব্র জল সংকট দেখা দিয়েছে ওই দুটি গ্রামে। মেটে নারাণপুরে পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন ও কল বসলেও তাতে জল আসে না। অন্যদিকে মাঝি পাড়ায় এখনও পাইপ লাইনই যায়নি। মাঝি পাড়ায় টিউবঅয়েল গুলিও বিকল হয়ে পড়েছে কয়েকদিন ধরে। ফলে সংকট চরমে উঠেছে। দূরে মাঠের সাবমার্সিবেল থেকে চেয়ে চিন্তে জল আনতে হচ্ছে।

আজকের বিক্ষোভ মিছিলে বড়জোড়ার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী ও সিপিআই(এম) দলের বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী সহ উপস্থিত ছিলেন পূর্ণেন্দু ব্যানার্জি, বিকাশ মাঝি, কাঞ্চনী মাঝি সহ অনেকে।

বিডিও সুরজিৎ পন্ডিত জানান, বুধবারের মধ্যে নলকূপগুলি সারানো হবে। পাশাপাশি যাতে দ্রুত নল বাহিত পানীয় জল সরবরাহ করা হয় তা পিএইচই আধিকারিকদের বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *