সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ আগস্ট: ভারত থেকে বাংলাদেশে মাছ বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় ৯ টি বাংলাদেশি পাসপোর্ট সহ ট্রাকের চালক ও খালাসিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল সীমান্ত রক্ষী বাহিনী। আটক চালকের নাম সঞ্জয় দলুই। খালাসীর নাম রাকেশ ঘড়াই। তারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, ভারত থেকে বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর থেকে মাছ বোঝাই করে সেই ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্তে ঢোকার মুখে ৩ নম্বর গেটের কাছে ট্রাকটিকে দাঁড় করায় বিএসএফ। চেকিংয়ের সময় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ওই ট্রাক চালকের কেবিন থেকে ৯টি নতুন বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেন। ট্রাকের ভেতরে এই পাসপোর্টগুলি কিভাবে এল চালক এবং খালাসি তার সদুত্তর দিতে পারেনি।
এরপর তাদের আটক করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। বাংলাদেশের পাসপোর্টগুলি ধৃতদের কাছে কিভাবে এল, কী উদ্দেশ্যেই বা সেগুলি বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

