আমাদের ভারত, হাওড়া, ৩ সেপ্টেম্বর: পুজো দিয়ে মাছ ধরতে যাওয়ার পথে হাই টেনশন তারের সংস্পর্শে এসে আগুনে পুড়ে গেল একটি মাছ ধরার ট্রলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শ্যামপুরের দেউলি এলাকায়। ঘটনায় এক মৎস্যজীবী অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে কাকদ্বীপে মাছ ধরতে যাওয়ার জন্য দেউলি থেকে পুজো দিয়ে ৯ জন মৎস্যজীবী নিয়ে ট্রলারটি রওনা দেয়। স্থানীয় সূত্রে খবর, নদী সংলগ্ন খাল থেকে রূপনারায়ণ নদে নামার সময় ট্রলারের উপরে থাকা ওয়ারলেসের এন্টেনার সঙ্গে হাই টেনশন তার ছুঁয়ে যায়। এরপরে ট্রলারের ভিতরে থাকা ব্যাটারিতে বিস্ফোরণ হয়। ঘটনায় ট্রলারে আগুন ধরে যায়। চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা ট্রলারের মাছ ধরার জাল অন্যান্য জিনিসে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মৎস্যজীবীরা নদীতে ঝাঁপ দেয়। যদিও এর মধ্যে কয়েকজন অগ্নিদগ্ধ হয়।

এদিকে ট্রলারটিতে আগুন ধরে গেলেও সেটিকে বাঁচাতে মৎস্যজীবীরা ফুটো করে জল ঢুকিয়ে দেয় ট্রলারের মধ্যে। এবং সেটি নদীতে ডুবে যায়। ট্রলারের মালিকের অভিযোগ, দেউলি এলাকার নদী সংলগ্ন এলাকায় হাইটেনশন তার অত্যন্ত নীচু হওয়ায় এই বিপত্তি। তিনি জানান, আগুনে ট্রলার সহ মাছ ধরার জাল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।


