সাথী দাস, পুরুলিয়া, ১৪ অক্টোবর: বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির কৌশল জেলা জুড়ে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই আঙ্গিকে এবার খনি অঞ্চলে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল।
জেলায় প্রথম ঘাস ফুল ফোটে খনি অঞ্চল নিতুড়িয়ায়। প্রয়াত নেতা শশী ভূষণ প্রসাদ যাদবের দুঃসাহস আর মনোবলের জোরে তৃণমূল জেলার প্রথম এই ব্লকে প্রতিষ্ঠিত করেন তিনি। তার পর ক্রমশ শক্তি বৃদ্ধি হয় তৃণমূলের। এর মধ্যেই দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ হারান সংগঠক শশী ভূষণ। তাঁর পর থেকেই ওই এলাকায় দাদার লক্ষ্য পূরণে দায়িত্ব পান শান্তি ভূষণ প্রসাদ যাদব। সারা বছর নানা কর্মসূচির মধ্যে সংযোগ অটুট রাখেন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি শান্তি ভূষণ।

বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে আজ দলের মূল লক্ষ্য এবং নির্দেশ পালন করেন তৃণমূলের এই সংগঠক। আজ ৩৫ জন ‘পুরানো’ তথা প্রবীণ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে। রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু তাঁদের সংবর্ধনা জানান। উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলার দলীয় নেতারা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতা শশী ভূষণ প্রসাদ যাদবের ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। তাঁর স্মরণে নীরবতা পালন হয়।

