পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও শালবনী ব্লক জুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বিভিন্ন অঞ্চলে মহা মিছিল, পথসভা এবং গ্রামভিত্তিক জনসংযোগ কর্মসূচির মাধ্যমে জনসমর্থন আরও মজবুত করার লক্ষ্য নিয়েই প্রচারে নেমেছেন তিন বারের বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

গড়বেতা ২ নম্বর ব্লকের জিরাপাড়া অঞ্চলের ছাগুলিয়া থেকে শিওড়বনি পর্যন্ত অনুষ্ঠিত হয় একটি বিশাল মহা মিছিল। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি উৎসবের আবহ তৈরি করে।

অন্যদিকে, গড়বেতা ২ (এ) ব্লকের পিংবনী অঞ্চলের মুড়াকাটি, সিরিষবনী এবং কাদোশোল গ্রামেও চলে জোরদার নির্বাচনী প্রচার। প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন শ্রীকান্ত মাহাতো।

এছাড়াও শালবনী ব্লকের ২ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের আনন্দনগর, পাথরদহ, ভাঙ্গাবাঁধ, লালুয়া, ভালুকশোল এবং রঘুনাথপুর গ্রামে ব্যাপক প্রচার কর্মসূচি সংগঠিত হয়। সভা ও জনসংযোগের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়।

এদিকে গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া অঞ্চলের ডুকি গ্রামে অনুষ্ঠিত হয় মহা মিছিল ও পথসভা। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি এই কর্মসূচিকে সফল করে তোলে।
সব মিলিয়ে একাধিক ব্লক ও গ্রাম জুড়ে ধারাবাহিক প্রচারে স্পষ্ট যে, আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়েই মাঠে নেমেছে দলীয় নেতৃত্ব। স্থানীয় মানুষের অংশগ্রহণ ও উৎসাহ প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।

