“তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে, তাদের হারাতে সব বিরোধী দলকে এক হতে হবে,” বললেন দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে হারাতে সব বিরোধী রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানালেন বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার যোগ দিবস উপলক্ষে মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলে যোগ দিবস পালনের এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মেদিনীপুরের সংসদ। তিনি একাধিক ছাত্র ও মানুষের সাথে এই দিবস পালন করেন। এরপর তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দিলীপ ঘোষ বলেন, “মনোনয়ন পর্বেই রাজ্যে ৯ জন খুন হয়ে গিয়েছে। নির্বাচন শেষ হতে হতে জানি না আরো কত কি হবে? নির্বাচনটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে যা রাজ্যের মানুষের কাছে লজ্জা জনক। রথযাত্রার সাথে সাথে তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে। গোষ্ঠী কোন্দলে জর্জরিত ওরা। আমাদের প্রার্থীদের উপর বিভিন্ন রকম ভাবে চাপ তৈরি করা হচ্ছে, তবে আমরা লড়াই করব।”

নির্বাচন প্রক্রিয়ায় প্রতি জেলাতে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি তিলক দেওয়া হবে? যেখানে জেলার বেশিরভাগ বুথই স্পর্শকাতর। তবে এখন তৃণমূল বিরোধী সমস্ত দলকে এক হয়ে তৃণমূলকে হারাতে হবে। এজন্য সবাইকে এক হওয়া উচিত। পঞ্চায়েত থেকেই সেই পরিবর্তনের প্রয়োজন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *