অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ জুলাই: আগামী একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের উদ্যোগে চেকপোস্ট থেকে কাপাশিয়া পর্যন্ত অনুষ্ঠিত হল পদযাত্রা। পরে গোপীবল্লভপুরের কাপাশিয়াতে পথসভা অনুষ্ঠিত হয়।

এই পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন ডাক্তার উমা সরেন, ঝাড়গ্রাম জেলার তৃণমূল সভাপতি দেবনাথ হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, প্রাপ্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হেমন্ত ঘোষ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব। একুশে জুলাই শহিদ দিবসের দিনে ধর্মতলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যেতে না পারলে এদিন বাড়িতে রান্না বান্না বন্ধ রাখুন। বাড়ির টিভিটা খুলে বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। একুশে জুলাই শহিদ দিবসে ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রচার করতে এসে গোপীবল্লভপুরে এভাবেই তৃণমূল নেত্রীর বক্তব্য শোনার পরামর্শ দিলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু।

এদিন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের আয়োজিত একুশে জুলাইয়ের শহিদ দিবসের প্রচার পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দুলাল মুর্মু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ থেকে ২৯ বছর আগে যুব কংগ্রেসের কর্মীরা নো আইডেন্টি নো ভোট এর জন্য আন্দোলন করতে গিয়ে ১৩ জন শহীদ হয়েছেন। তার পর নেতাই, মরিজঝাপির মতো একাধিক জায়গায় আন্দোলনকারীরা শহিদ হয়েছেন। তাই শহিদদের তর্পণের জন্য এই শহিদ দিবস। তাই আপনারা এদিন নেত্রীর সভায় ধর্মতলা না যেতে পারলে বাড়িতে রান্নাবান্না বন্ধ করে বাড়িতে টিভিটা চালু করে নেত্রীর বক্তব্য শুনুন।

