৮৬ হাজার টাকার চশমা পরে মানুষের চোখে ধুলো দেওয়াই কাজ তৃণমূলের, অভিষেককে খোঁচা সুকান্তর

শ্রীরূপা চক্রবর্ত, আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: মুখে মা মাটি মানুষের কথা বললেও তাঁর নিজের প্রাত্যহিক জীবন বিলাশবহুল। আসলে গরিব মানুষের কথা বলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের নাটক ছাড়া আর কিছুই নয়। এভাবেই নব্য তৃণমূলের নেতা হিসেবে তুলে ধরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি ৮৬ হাজার টাকার চশমা যিনি চোখে পরেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর যাই হোক গরিবের কষ্ট বোঝার ক্ষমতা নেই।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজেপির রাজ্য সভাপতি একটি পোস্ট করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। তার পোস্টের শিরোনাম “দু’কোটি টাকার গাড়ি, ৮৬ হাজারের চশমা পরে মানুষের চোখে ধুলো দিয়ে জনগণকে ঠকানোই তৃণমূলের পেশা।” পোস্টটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দিয়ে তিনি দেখিয়েছেন অভিষেক যে ব্র্যান্ডের চশমা পরে আছেন সেই চশমার দাম ৮৬ হাজার টাকা। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালি মেনকা গম্ভীর যে গাড়ি ব্যবহার করেন তার দাম দু-কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য অভিষেকের চশমাটি মেব্যক ব্র্যান্ডের ও মেনকা গম্ভীরের গাড়িটি ল্যাণ্ড রোভার ডিফেন্ডার।

এব্যাপারে সুকান্ত মজুমদার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের নেতারা মুখে মা-মাটি-মানুষের কথা বলে গরিব দরদী হবার নাটক করেন। অথচ ব্যাক্তিগত জীবনে তারা ঐশ্বর্য ভোগ করতে অভ্যস্ত। তাদের প্রাত্যহিক জীবন ঐশ্বর্যে মোড়া। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ৮৬ হাজার টাকা দামের মেব্যাক ব্র্যান্ডের চশমা পরেন।

তাঁর কথায় তৃণমূল নেতা মুখে জয় বাংলা বলেন, আর তার শ্যালিকা যাতায়াত করেন দুই কোটি টাকার দামি গাড়িতে। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যের সাধারণ মানুষের জন্য মাত্র ৫০০ টাকা বরাদ্দ করেই খালাস তৃণমূল কংগ্রেস সরকার। আর সেই দলের সাধারণ সম্পাদক বিলাশবহুল জীবনে অভ্যস্ত। তাই মুখে বড়বড় কথা বললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গরিব মানুষের মনোভাব ও পরিস্থিতি বোঝা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *