দল ছাড়লেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি, বিজেপিতে যোগদানের জল্পনা

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৭ ডিসেম্বর: দল ছাড়লেন তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি বিপ্লব ওঝা। সেই সঙ্গে তৃণমূলের টিকিটে জেতা বীরভূমের জেলা পরিষদের সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দলত্যাগের কথা ঘোষণা করেন বিপ্লববাবু।

একসময় বীরভূম জেলা কংগ্রেসের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি ছিলেন তিনি। ২০০৭ সালে নলহাটি পুরসভার চেয়ারম্যান হন। ২০০৯ বীরভূম লোকসভায় তৃণমূলের টিকিটে সাংসদ শতাব্দী রায় জেতার পরেই ওই সালে প্রথম সমস্ত কাউন্সিলর নিয়ে তৃণমূলে যোগদান করেন বিপ্লব ওঝা। ফলে সেই সময় নলহাটি পুরসভা রাজ্যে তৃণমূলের প্রথম দখলে আসে। পরবর্তী সময়ে তাকেই নলহাটি পুরসভার চেয়ারম্যান হন। নলহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল। কিন্তু বামফ্রন্টের কাছে পরাজিত হন। পরবর্তীকালে তিনি তৃণমূলের টিকিটে জেলা পরিষদের সদস্য হন। কিন্তু তাঁকে কোনও পদে রাখা হয়নি।

বছরখানেক ধরে দলে ব্রাত্য করে রাখা হয় তাঁকে। সেই আক্ষেপেই তিনি দলত্যাগ করলেন বলে দাবি বিপ্লববাবুর। কোন দলে যোগদান করছেন সে কথা না জানালেও আজই নলহাটিতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মঞ্চেই বিপ্লববাবুর বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে। তিনি রাজনীতি থেকে যে সন্যাস নিচ্ছেন না সেকথা পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *