“তৃণমূলের বেবি! টুয়েলভ পাশ চোর যদি ঠাকুর বাড়িতে গয়না চুরি করত?” নাম না করে অভিষেককে চুড়ান্ত কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুন: মতুয়া ভাইরা ঠাকুরনগরের পূণ্যভূমিতে কোনো চোরকে ঢুকতে দেয়নি। ঠাকুরনগরের জনসভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোরের সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যদিও সুকান্ত একবারও অভিষেকের নাম নেননি। তার বদলে তৃণমূলের সংসদকে টুয়েলভ পাস চোর, তৃণমূলের বেবি বলে আক্রমণ করেছেন।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর রেল পার্কিংয়ে জনসভা করেন সুকান্ত। সেখানে তিনি বলেন, ঠাকুরবাড়িতে একটা টুয়েলভ পাস চোর ঢুকতে গিয়েছিল। কিন্তু মতুয়া ভাইরা বুঝিয়ে দিয়েছেন তারা কি করতে পারেন। চোরকে ঢুকতে না দিয়ে মতুয়ারা ঠিক করেছেন। কে জানে চোর যদি ঠাকুরের সোনার গয়না চুরি করে চলে যেতো।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে হরিচাঁদ মন্দিরে পুজো দিতে পারেনি। এই নিয়েই নজির বিহীন আক্রমণ করেন সুকান্ত। তিনি বলেন, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ডাইরিতে এ বি লেখা পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমে থেকে জানতে পেরেছি। কিন্তু প্রথমে এই এবি নামের অর্থ বুঝতে পারছিলাম না। এরপর দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে যাওয়ার সময় দেখি একজনের বড় বড় ছবি লাগিয়ে লেখা রয়েছে উই লাভ এবি। তিনি দাবি করেন তখন তার কাছে পরিষ্কার হয় এই এবি টা আসলে তৃণমূলের বেবি। তৃণমূল কংগ্রেসের নতুন বেবি, তার নাম এবি।

একই সঙ্গে তিনি আরো ভবিষ্যৎবাণী করেন, অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা এখন তিহারে বন্দি। তারা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার বিখ্যাত থালা বাটি কম্বল, জেলখানা সম্বল গাইছে আর কিছুদিন পরে পিসি ভাইপো এই গানটি গাইবে।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। ‌কিন্তু সেটা পাওয়া যায়নি। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষে একসঙ্গে ৮২২ কোম্পানি দেওয়া সম্ভব নয়। জম্মু কাশ্মীর, মণিপুর থেকে তাদের উঠিয়ে নেওয়া সম্ভব নয়। তবে তাঁর দাবি, বনগাঁয় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই নির্বাচনের সময়। বনগাঁর মত জেলায় বিজেপির কর্মীরাই কেন্দ্রীয় বাহিনীর কাজ করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *