পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: আজ কলকাতার ধর্মতলায় সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা শুরুর আগে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার বেলা বারোটার সময় ঘাটাল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে গিয়ে সকলে মিলে চিঠি লেখেন।

চিঠিতে লেখা, রাজ্যের দাবিদাবার সঙ্গে বকেয়া যা রয়েছে তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। ঘাটালের বীরসিংহ থেকে সৌরভ চক্রবর্তী জানান, ঘাটালের বিধায়ক শীতল কপাট যেন বক্তব্য দিয়ে মেদিনীপুরবাসীকে জানান, কলকাতায় কেন বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গে ফেলা হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রয়েছে, সভা সমিতি করার। তবে মানুষের মনে যারা থাকবে, যারা মানুষের কাজ করবে তাদেরকেই মানুষ ভোটে জয় লাভ করাবেন।

