নির্বাচনের প্রস্তুতি, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলন ব্লক তৃণমূলের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ অক্টোবর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলন অনুষ্ঠিত করল রায়গঞ্জ ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটি। রায়গঞ্জ শহরের রবীন্দ্রভবনে রায়গঞ্জ ব্লক ১ তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, রায়গঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর অরিন্দম সরকার, রায়গঞ্জ ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুপ কর সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। হাজার হাজার তৃণমূল কর্মীদের উপস্থিতির কারণে রবীন্দ্র ভবন কক্ষ ছাড়াও নেতৃত্বের বক্তব্য শোনার জন্য বাইরে বিশালাকার তিনটি স্ক্রিন টিভির ব্যাবস্থাও করা হয়। উত্তর দিনাজপুর জেলা তথা রাজ্য থেকে সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করতে কর্মী সম্মেলন থেকে শপথ নেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আগেই জেলার প্রতিটি বুথ ও অঞ্চল কর্মী সম্মেলন করার পর সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে কর্মী সম্মেলন শুরু করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ ব্লক ১ তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরের রবীন্দ্র ভবনে। রায়গঞ্জ ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের ব্লক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমের দলের সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর পাশাপাশি রায়গঞ্জ ব্লকের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপির হিংসার রাজনীতি সম্পর্কে অবহিত করতে চান তাঁরা। মানস বাবু বলেন, রাম রাজ্যের নামে বিজেপি দেশে রাবণ রাজ সৃষ্টি করেছে। গরিব মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার নাম করে প্রতারণা করা থেকে শুরু করে নোটবন্দি, দলিত থেকে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন অত্যাচার চালাচ্ছে বিজেপি। এরই প্রতিবাদে জনমত তৈরি করে বিজেপিকে এরাজ্য থেকে উৎখাত করার লক্ষ্যে আজ হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী শপথ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *