কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল ব্লকের লক্ষণপুরে চলো গ্রামে যাই কর্মসূচির শুরু মহিলা সমাবেশের মধ্য দিয়ে। এই সমাবেশ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা বিজেপি সিপিএম এবং কংগ্রেসের অশুভ আঁতাত হয়েছে বলে দাবি করেন এবং তৃণমূল কর্মীদের সতর্ক থাকতে বলেন।

সমাবেশে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অধিকার এবং সম্মান ফিরিয়ে দিয়েছেন। মহিলা তৃণমূল কংগ্রেসের চলো গ্রামে যাই কর্মসূচিকে বিজেপির কটাক্ষের জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। উল্লেখ্য, বিজেপি চলো যাই কর্মসূচিকে বলেছে গ্রামে ওরা এনজয় করতে যাচ্ছে। তিনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, বিধবারাও এখন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। মহিলাদের ন্যায্য অধিকারের উদাহরণ হিসেবে তিনি রাজ্যে মহিলাদের আসন সংরক্ষণের কথা বলেন।
তিনি মহিলাদের গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে যাওয়ার কথা বলেন।
মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, কেন এতদিন পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করল না কেন্দ্রীয় সরকার।
তিনি বলেন, যেভাবে ছেলেদের নিয়ে বুথ কমিটি, অঞ্চল কমিটি, পাড়া কমিটি হয়েছে তেমনি মেয়েদের নিয়ে এরকম কমিটি গড়তে হবে। মানস বাবু বলেন, মহিলা মানে শুধু স্বামীর সেবা করবে এটা আমরা বিশ্বাস করি না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানসবাবু বলেন, ফসল কাটার পর মাঠে যে অবশিষ্ট অংশ অর্থাৎ নাড়া থাকে তা যাতে না পোড়ানো হয়, সেই বিষয়ে আমরা প্রশাসনকে বলেছি। তবে এর সাথে মানুষকেও সচেতন হতে হবে।
এদিনের সভায় ছিলেন মন্ত্রী শিউলি সাহা, সাংসদ মালা রায়, স্মিতা বক্সী, কাকলি চক্রবর্তী, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি সহ অন্যান্যরা।

