নির্বাচনের আগেই পশ্চিম মেদিনীপুরে ৬৮৯ আসনে জয়ী তৃণমূল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: ভোটের জন্য আর অপেক্ষা করতে হল না। জয় হলো তার আগেই। পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েতের ৬৮৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে তৃণমূল। এই সংখ্যক আসনে শুধু তৃণমূলেরই মনোনয়ন হয়েছে। তৃণমূল সূত্রে খবর, ওই ৬৮৯টি আসনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের আসন ৬২২ টি এবং পঞ্চায়েত সমিতির
৬৭টি।

পশ্চিম মেদিনীপুরে ত্রিস্তর পঞ্চায়েতে সব মিলিয়ে আসন রয়েছে ৪,৫৭২টি। এরমধ্যে ৬৮৯ টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আসতে চলেছে। অর্থাৎ, প্রায় ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে শাসক দল। জেলা পরিষদে অবশ্য সব আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের পর্যবেক্ষণ, গ্রাম পঞ্চায়েতের ৩,৮৮১ টি আসনের মধ্যে ৬২২টিতে শুধু দলীয় প্রার্থীই রয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ১২ শতাংশ আসনে বিনা লড়াইয়ে জয় পেতে চলেছে তৃণমূল। অন্য দিকে, পঞ্চায়েত সমিতির ৬৩১টি আসনের মধ্য ৬৭ টিতে অর্থাৎ ৮ শতাংশ আসনে বিনা লড়াইয়ে জয় পেতে চলেছে তৃণমূল।

বিজেপির জেলা কমিটির সদস্য রামলাল জানা বলেন, “অনেক এলাকায় তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করেছে। তৃণমূল অনেক এলাকায় ভয় দেখিয়েছে। জবরদস্তি করছে। মনোনয়নে বাধা দিয়েছে, ভয়ের পরিবেশ না থাকলে তৃণমূল কোথাও জিততে পারবে না।

বিজেপি প্রার্থী শঙ্করি দোল‌ই বলেন যে, আমি ১৫ তারিখ বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। মনোনয়ন জমা করার পর থেকে তৃণমূলের অত্যাচার শুরু হলে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাই। তারপর তৃণমূল আমার শ্বশুর বাড়িতে এসে হুমকি দেয়। এইসব অত্যাচার সহ্য করতে না পেরে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *