আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ মার্চ:
“রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে প্রচার শুরু হয়ে গেছে আমাদের। জেলার ৩৩টি আসনের কোনও আসনেই হারার জায়গা নেই আমাদের। কর্মীরা নেমে গেছে। বিজেপি এমনিতেই পিছিয়ে। আমাদের গর্ব আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে উন্নয়ন গত ১০ বছরে দিদি করেছে তাতে এবার অন্তত ২২১ টি আসনে গোল দেব আমরা। খেলা শুরু হয়ে গেছে। আমরা জিতছি।” এই বক্তব্য হাবড়া বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের।

প্রার্থী তালিকা ঘোষণার পর হাবড়া বিধানসভা কেন্দ্রে জনসংযোগ রক্ষায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন জ্যোতিপ্রিয়বাবু। হাবড়া কেন্দ্র থেকে তৃতীয় বারের জন্য ভোটে লড়াই করবেন রাজ্যের খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন দলের কর্মীরা। তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে হাবড়া বিধানসভা এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন এবং মিষ্টিমুখ। জ্যোতিপ্রিয় মল্লিক হ্যাট্রিক করবেন, এমনটাই মনে করছেন এলাকার তৃণমূল কর্মীরা।

