আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: শুভেন্দুর দলত্যাগের বর্ষপূর্তিতে উচ্ছ্বাস দিবস পালন করবে তৃণমূল। গত ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, তৃণমূল ত্যাগ করার পর শুভেন্দু অধিকারীকে সবথেকে বেশি আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলের নেতারা। যা এখনও চালিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস। তাই আগামী ২০ ডিসেম্বর তৃণমূল যুব কংগ্রেস উচ্ছাস দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। অধিকারী গড় বলে পরিচিত কাঁথির প্রভাত কুমার কলেজ মাঠে এক জনসভার মধ্যে দিয়ে এই উৎসব দিবস পালন করবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সূত্রের খবর, মেচেদা থেকে একটি বিশাল মিছিল কাঁথিতে যাবে। সেই মিছিল থেকে সবুজ আবির খেলবে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
যদিও তৃণমূল কংগ্রেস কর্মীদের এই উচ্ছ্বাসকে পাত্তা দিতে নারাজ শুভেন্দু অধিকারী অনুগামীরা। বিজেপি নেতারা জানাচ্ছেন পায়ের তলায় সরছে মাটি। কৃষকরা ক্রমাগত সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলছে।পেট্রোল-ডিজেলের দাম রাজ্যে কমেনি। এইসব ইস্যুতে মানুষের চোখ ঘুরাতে এমন কর্মসূচি নিয়েছে তৃণমূল। এখন দেখার তৃণমূলের পাল্টা বিজেপি কোনও কর্মসূচি গ্রহণ করে কি না।

