“দলের জন্য ২১ বছর ধরে নিজের পরিশ্রম ঘাম নিবেদন করার পরও সৌজন্য দেখায়নি তৃণমূল, বাংলার মানুষের সাথেও দেখাবে না”

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মার্চ:
২১ বছর যে দলটা করেছি তারা যখন আমার প্রতি সুবিচার করেনি তাহলে ২১ মিনিট হয়নি এই দলে এসেছি, আমার কোনও দাবি নেই, প্রত্যাশা নেই সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই। বিজেপি রাজ্য অফিসে যোগদান মেলায় এই ভাবেই তেহট্টের বিধায়ক গৌরী শঙ্কর দত্ত তার দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন। আজ বিজেপির রাজ্য দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান মেলায় দেখা গেল নদীয়া জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা গৌরী শঙ্কর দত্তকে।

যদিও প্রতিদিন নিয়ম করে এখন যোগদান পর্ব হয় এই কার্যালয়ে। তবে আজকের যোগদান করা সকলেই তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ক্ষমতাসীন ছিলেন। হাওড়ার ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা শ্যামল রায়, ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা, সহ বেশ কিছু জন কলকাতা এবং হাওড়া অঞ্চলের গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্ব। তবে সকলের নজর ছিল নদিয়ার সাত বারের তৃণমূলের জেলা সভাপতি এবং তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্তর যোগদানের দিকে।

বিজেপির দলীয় সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে তেহট্টের বিধায়ক বলেন,
সাত বার নদিয়া জেলা তৃণমূলের সভাপতি, ৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দল করি, সেই সুবাদেও জানতে পারলাম না প্রার্থী কে হচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে চূড়ান্ত অপমান। দলের জন্য নিজের কান্না, ঘাম নিবেদন করার পর যখন আমাদের মতন মানুষকে সৌজন্য দেখায়নি, বাংলার মানুষের সাথেও দেখাতে পারবে না। আমার কোনও দাবি নেই। যে দলটা ২১ বছর দরে করেছি তারা যখন আমার প্রতি সুবিচার করেনি, তাহলে ২১ মিনিট হয়নি এই দলে এসেছি কোনও দাবি কোনও প্রত্যাশা নেই। সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই।

এছাড়াও এদিন বিজেপিতে যোগ দেন তার পুত্র ছাত্র পরিষদের জেলা শহরের নেতৃত্ব অয়ন দত্ত, এবং জেলার প্রায় সকল নেতৃত্তের খুব ঘনিষ্ঠ দিলু শর্মার পুত্র দেবানন্দ শর্মা, এবং চাকদহের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিধায়ক এবং মন্ত্রী রত্না ঘোষের ছায়াসঙ্গী সাধন বিশ্বাস সহ আরও বেশ কিছু নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *