আমাদের ভারত, ৬ ডিসেম্বর:
কাঁথি থেকে দলীয় সভায় যোগ দিতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে অভিষেক গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন। এই বিষয়টিকেই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপির ঠেলায় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে হচ্ছে অভিষেককে। একই সঙ্গে তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস আইসিইউতে চলে গেছে, বাঁচার সম্ভাবনা নেই।
সুকান্ত বলেন, “পার্টির ও নিজের ভাবমূর্তি পরিষ্কার করতে এরকম চটকদারি কাজ করছেন অভিষেক। সাধারণ মানুষ কেমন আছে জানতে উনি এখন পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছেন। যারা জীবনে কোনওদিন পাড়ায় ঘোরেনি তারা এখন পাড়ায় যাচ্ছেন, ভালো। বিজেপির ঠেলায় পড়ে এখন এসব করতে হচ্ছে কিন্তু মরার সময় মকরধ্বজ ধরে রোগী বাঁচে না। তৃণমূল কংগ্রেস নামক গণতন্ত্রের রোগী ইতিমধ্যে আইসিইউতে চলে গিয়েছে, এর বাঁচার আর কোনও সম্ভাবনা নেই।
শনিবার কাঁথিতে দলীয় সভায় যোগ দিতে যাওয়ার পথে হঠাৎই মারিশদা এলাকায় গাড়ি থামান অভিষেক। গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। অভিষেককে দেখেই ঘিরে ধরেন গ্রামের মহিলারা। অভিযোগ করেন সরকারি প্রকল্পের কোনো সুবিধা পাননি। এমনকি ত্রাণের কোনো কিছুই তারা পাননি। এরপর সভায় বক্তব্য রাখতে উঠে মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

