বাংলার ভোটে উত্তরপ্রদেশের পুলিশ মোতায়েন বন্ধ করার আবেদন নিয়ে কমিশনে তৃণমূল

রাজেন রায়, কলকাতা, ২৪ মার্চ: নির্বাচনের জন্য উত্তরপ্রদেশের পুলিশ আনা হচ্ছে বলে অভিযোগ করল তৃণমূল। এতে নির্বিচারে তৃণমূল কর্মীদের দমন করা যেতে পারে। বাংলার ভোটে উত্তরপ্রদেশের পুলিশ মোতায়েন বন্ধ হোক। এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিল তৃণমূল।

কমিশনের কাছে রাজ্যের শাসকদলের অভিযোগ, ভোটের মুখে প্রার্থীদের হেনস্থা করছে সিবিআই ও ইডি। গতকাল উত্তরবঙ্গের ৮টি জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ফুলবেঞ্চের সদস্যরা। সূত্রের খবর, রাজ্যে যতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, তার মধ্যে ৫০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারদের। কমিশনের তরফে জানানো হয়েছে, ‘রাজ্যে ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। প্রয়োজনে তার থেকেও বেশি পাঠাতে পারি’। শোনা যাচ্ছে, বাংলায় ভোট পরিচালনার জন্য উত্তরপ্রদেশ থেকে কেন্দ্রীয় বাহিনীর নামে ৩০ কোম্পানি পুলিশ বাহিনী আনা হতে পারে।

তৃণমূলের তরফে কমিশনকে লেখা চিঠিতে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ‘ব্রায়েন জানিয়েছেন, ‘আমরা অন্য কোনও অবিজেপি রাজ্য থেকে পুলিশ আনার বিরোধী নই। কিন্তু উত্তরপ্রদেশ থেকে পুলিশ আনা হলে আমাদের আপত্তি আছে। উত্তরপ্রদেশ যেহেতু বিজেপি শাসিত রাজ্য, তাই সেখান থেকে পুলিশ এলে কমিশনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। উত্তরপ্রদেশের পুলিশ বিজেপির হয়ে কাজ করবে।’

এর আগে ইভিএমে কারচুপি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের আনা হচ্ছে বলেও কমিশনে অভিযোগ জমা পড়েছিল। আর এবার অভিযোগ জমা পড়ল উত্তরপ্রদেশের পুলিশ নিয়ে। বাস্তবে কি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকছে তৃণমূলের কাছে? বারবার সেই প্রশ্নই উঠে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *