বনগাঁয় ফের বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ এপ্রিল: ফের বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়া ও দেওয়ালে গোবর লেপে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার দ্বীনবন্ধু নগর এলাকায়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মদপ্য অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার সমর্থনে বেশকিছু ফ্লেক্স ও ব্যানার লাগানো ছিল বনগাঁর দ্বীনবন্ধু নগর এলাকায়। বিজেপি নেতা দীপঙ্কর দাস বলেন, মঙ্গলবার রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর সমর্থনে টাঙানো বেশ কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি, দেওয়ালে আঁকা পদ্ম ফুলে গোবর লেপে দেয় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যারা দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিল মারা ২০ টাকা চোলাইয়ের পাউজ খেয়ে এলাকার মহিলাদের উপর জুলুমবাজি করে। সেই সব দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।

বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, দুদিন আগেও গান্ধীপল্লি এলাকায় ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। প্রমাণিত হয় যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তা করেছিল। ফের নতুন করে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হল দ্বীনবন্ধু নগরে। কিন্তু ফ্লেক্স ছিঁড়ে, দেওয়ালে গোবর লেপে ও কর্মীদের ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। মানুষের মনের মধ্যে বিজেপি ঢুকে গিয়েছে। শুধু বনগাঁয় নয় গোটা রাজ্যে এর জবাব পাবে তৃণমূল।

যদিও এ ব্যাপারে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দিলীপ মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল এই নোংরা কাজের সঙ্গে যুক্ত না এটা বিজেপির আভ্যন্তরীণ গোলমাল থেকে এমন কাণ্ড বলে মনে করা হচ্ছে। ফ্লেক্স নষ্ট করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে বনগাঁয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *