নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেশপুর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের, জয়ের উল্লাসে আবির খেলায় মাতল কর্মী সমর্থকরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: নির্বাচনের আগেই বড়সড় জয় শাসক দল তৃণমূলের। জেলার মধ্যে কেশপুর পঞ্চায়েত সমিতিতেই ভোটের আগে জয় নিশ্চিত করলো তৃণমূল। এই পঞ্চায়েত সমিতির আসন ৪৫টি, যার মধ্যে ৩০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। বাকি ১৫টি আসনে হবে ভোট। এই ১৫টি আসনের মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ১৩ টিতে, সিপিএম ৪টি’তে ও কংগ্রেস ১টি আসনে প্রার্থী দিয়েছে।

বাম আমলে কেশপুরে একচ্ছত্র দাপট ছিলো সিপিআইএমের। তবে এখন সেই জায়গা দখল করেছে শাসকদল তৃণমূল। মনোনয়ন পর্বে কেশপুরে সেভাবে অশান্তির ঘটনা ঘটেনি। তবে বিরোধী শিবির প্রার্থী খুঁজে পায়নি বলেই এই জয়লাভ বলে জানাচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁঞ্জা বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে কেশপুরবাসী আছে। এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোথাও অশান্তি হয়নি। বিরোধী দল কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই আমাদের নামে মিথ্যা অভিযোগে করছে। আমরা চেয়েছিলাম সব দল প্রার্থী দিক, কিন্তু বিরোধী দল প্রার্থী দিতে পারে নাই।

এব্যাপারে বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ বলেন, কেশপুরে সবসময় শ্মশানের শান্তি বিরাজ করে। কেশপুরবাসী সব সময় শাসক দলের সঙ্গে থাকে। বামফ্রন্টের আমল থেকেই কেশপুরে এক‌ই ধারা অব্যাহত রাখছে। কেশপুরে সবসময় একদলীয় শাসন কায়েম করা হয়। ওখানে গণতন্ত্র নেই। ওখানে নেতাদের উন্নতি হয়েছে, কেশপুরের সাধারণ মানুষের কোনো উন্নয়ন
হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *