পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি মেদিনীপুর শহরেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। শহর ও জেলা তৃণমূল কংগ্রেস এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সন্ধ্যায় জেলা তৃণমূল কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে স্থানীয় বটতলা চকে পৌঁছায়। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল চৌধুরী, শহর মহিলা তৃণমূল সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌ রায় সহ অন্যান্য নেতৃত্ব।

কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে গোটা কর্মসূচিকে ঘিরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

