খুন সহ ৩২টি কেসের আসামীকেও টিকিট তৃণমূলের! কুশমন্ডিতে নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ সুকান্তর

আমাদের ভারত, বালুরঘাট, ৪ জুলাই: খুনের আসামীকেও টিকিট দিয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরে নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ সুকান্তর। মঙ্গলবার কুশমন্ডিতে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে গিয়ে কড়া ভাষায় জেলা তৃণমূল সভাপতিকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি।

তাঁর অভিযোগ, ৩২টি কেসের কুখ্যাত আসামী বর্তমানে জেলা তৃণমূল সভাপতি। যার বিরুদ্ধে একাধিক খুনের মামলাও রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে কিভাবে তিনি ভোটে দাঁড়ালেন? এদিন কুশমন্ডিতে প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে এমনই প্রশ্ন তুলে সরব হয়েছেন সুকান্তবাবু। একইসাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনুর সাথে যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারের ঘনিষ্ঠতার প্রশ্ন তুলে ফের একবার বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, দুর্নীতিগ্রস্থ ও খুনের আসামিরাই বেছে বেছে পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট পেয়েছে। যারা ভোটে জিততে ছাপ্পা করবার ফন্দি আঁটছে। যার বিরুদ্ধেই এদিন কর্মীদের প্রস্তুত থাকবার নির্দেশও দিয়েছেন তিনি।

এদিন প্রচার সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, জেলাপরিষদ তারাই দখল করবেন। কেননা তৃণমূল বেছে বেছে ৩২টি কেসের আসামী, খুনের আসামীদের টিকিট দিয়েছে। চাকরি বিক্রি কান্ডে যারা ইডি ও সিবিআইয়ের রোজ ডাক পাচ্ছে তাদের ঘনিষ্ঠ যুব নেতাও টিকিট পেয়েছে। এসবের জবাব মানুষ ভোট বাক্সেই দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *