অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ জুন: করোনা অতিমারির কারণে সরকারি স্বাস্থ্য বিধিনিষেধের জন্য দীর্ঘদিন ধরে একপ্রকার কর্মহীন হয়ে পড়েছেন রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ মানুষ। কাজ না থাকার ফলে অসহায় পরিবারগুলির একমাত্র ভরসা রেশনের চাল। এরকম অবস্থায় সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের ঝাড়গ্ৰাম জেলা শাখার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জেলার চারটি বিধানসভা ক্ষেত্রে খাদ্য সামগ্রী বন্টনের লক্ষ্য রাখা হয়েছে। সেই অনুযায়ী শুক্রবার তৃণমূল মাধ্যমিক শিক্ষক সেলের ঝাড়গ্ৰাম জেলা শাখার পক্ষ থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের টিকায়েতপুর গ্রামে ৬০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ঝাড়গ্ৰাম জেলা সভাপতি জয়দীপ হোতা, বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূলের জেলা নেতা লোকেশ কর, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, সনৎ দাস প্রমুখ।
এদিনের কর্মসূচি সম্পর্কে শিক্ষক নেতা জয়দীপ হোতা বলেন, রুটি রুজি হারানো মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ। অন্যদিকে ব্লক নেতা হেমন্ত ঘোষ, শিক্ষক সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান।

