পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ এপ্রিল: একজোড়া দুর্ঘটনা নিয়েই বালুরঘাটে মনোনয়ন পত্র জমা করল তৃণমূল। চরম প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে সরব হলেন জেলা সভাপতি গৌতম দাস। সোমবার দক্ষিণ দিনাজপুরের ছয়টি আসনে নিজেদের মনোনয়ন পত্র দাখিল করেন তৃণমূল প্রার্থীরা। যে মনোনয়ন পর্বকে এক ভিন্ন মাত্রা দিতেই উদ্যোগী হয় নেতৃত্বরা। এদিনের কার্যক্রম আলাদা ভাবে সকলের সামনে তুলে ধরতে সকাল থেকেই দলে দলের কর্মী সমর্থকরা বালুরঘাটে আসতে শুরু করেন। বোল্লা ও পতিরাম এলাকা থেকে কর্মী সমর্থকদের আনার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি পিকআপ ভ্যান। সামনে চলে আসা একটি মোটর বাইককে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে উলটে যায় দ্রুত গতিতে থাকা কর্মী বোঝাই পিকআপ ভ্যানটি। যে ঘটনায় আহত হন গাড়িতে থাকা প্রায় ২৪ থেকে ২৫ জন তৃণমূল কর্মী সমর্থক। যাদের প্রত্যেককেই ভর্তি করা হয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনা নিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস।
তিনি বলেন, তাদের নমিনেশন ঘিরে প্রচুর জনসমাগম হবে জানা সত্বেও ট্রাফিক ব্যবস্থা সামলানোর কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে
এমনটা করছে।
এদিকে এই নমিনেশন ঘিরে এদিন বালুরঘাটের দিশারী মাঠ থেকে একটি বিশাল সুসজ্জিত র্যালি বের করে তৃণমূল কংগ্রেস। যার ছবি সকলের সামনে তুলে ধরতে ড্রোনের ব্যবহার করা হচ্ছিল। যে ড্রোন ক্যামেরার পাখা মাথায় লেগে রক্তাক্ত হন শহরের বাসিন্দা তথা তৃণমূল কর্মী আশুতোষ পাল। মিছিল থেকে নিজের পকেটের রুমাল বের করে ওই কর্মীর রক্ত মুছে দিতেও এদিন দেখা গেছে বালুরঘাটের তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্তকে। যার পর অবশ্য তাকে চিকিৎসাও করানো হয়েছে দলের তরফে।

বাবুন সরকার সহ দুই তৃণমূল কর্মী জানান, মনোনয়ন পত্র জমা করতে বালুরঘাটে আসছিলেন তারা। পথে পাগলীগঞ্জ এলাকায় একটি বাইককে পাশ কাটাতে গিয়েই উলটে গিয়েছে তাদের গাড়ি। ঘটনায় প্রত্যেকেই কম বেশি জখম হয়েছেন।

